ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বৃহস্পতিবার সকালে এক ভয়াবহ জঙ্গি হামলা চালানো হয়েছে। এই হামলায় এখনও পর্যন্ত সাতজন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। সকালে জাতিসংঘের দপ্তরের নিকটে প্রথম বিস্ফোরণটি ঘটে।
যে এলাকায় এই হামলা চালানো হয়েছে, সেখানে প্রচুর বিদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে।
এখনও পর্যন্ত অবশ্য কোনো জঙ্গিগোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি। তবে প্রাথমিকভাবে ইসলামিক স্টেটের জঙ্গিরাই এই হামলার জন্য দায়ী বলে সন্দেহ করা হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপির।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে অন্তত চারটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে এবং এই হামলায় অন্তত তিনজন আত্মঘাতী জঙ্গি অংশ নিয়েছিল।
জাকার্তা পুলিশ জানায়, মোট ১২ জন জঙ্গি এলাকার বেশ কয়েকটি বাড়ি এবং শপিং সেন্টারে ঢুকে গুলি চালাচ্ছে।
হামলার তীব্র নিন্দা করে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, ”দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতেই এই হামলা চালানো হয়েছে। আমরা এর কঠিন জবাব দেব।”
হামলায় নিহতদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন বলে জাকার্তার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
ইন্দোনেশিয়ায় এর আগেও বেশ কয়েক বার জঙ্গি হামলা চালানো হয়। ২০০২ এবং ২০০৫ সালে দেশটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়। এবারেও বড়দিন এবং নতুন বছরে ফের জঙ্গি হামলার আগাম খবর ছিল পুলিশের কাছে।

