বিয়ের পরে বেশ ফুরফুরে মেজাজেই আছেন শখ-নিলয়। অন্তত ইন্সটাগ্রাম তাই বলছে। শখ বুধবার রাতে ইন্সটাগ্রামে নিজেদের যুগল একটি ছবি পোস্ট করে লিখেছেন ‘শুটিং উইথ আমার বর।’ সূচকের মতো দীর্ঘ উত্থান-পতনের পর সম্পর্কের পরিণতি। প্রণয় থেকে কবে হবে পরিণয়? এ আশঙ্কায় ছিল ভক্তদের মনে। সেসব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে গত বৃহস্পতিবার রাতে এই দুই শোবিজ তারকা পরিণয় সূত্রে আবদ্ধ হন।
ছবির ক্যাপশন অনুযায়ী বিয়ের পরপর মধুচন্দ্রিমায় না গিয়ে আপাতত কাজেই নিজেদের সুখ খুঁজে নিচ্ছেন এই তারকা দম্পতি।
বৃহস্পতিবার রাতে পারিবারিকভাবে বিয়ে করেন তাঁরা। পুরান ঢাকায় শখের বাবার বাসায় কোনো ধরণের আনুষ্ঠানিকতা ছাড়াই বিয়েটা সম্পন্ন হয়েছে। কাল দুপুরে ফেসবুকে ‘রিলেশনশিপ স্টেটাস’ পরিবর্তন করেন তাঁরা—‘সিঙ্গেল’ থেকে হন ‘ম্যারিড’। শখ এখন নিলয়ের সঙ্গে উত্তরার বাসায় আছেন। এখন থেকে সেখানেই থাকবেন নবদম্পতি। খুব শিগগির বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে বলে জানা গেছে।

