বাংলাদেশি বংশোদ্ভূত আয়ারল্যান্ড প্রবাসী মডেল ও অভিনেত্রী প্রিয়তির একটি ফটোগ্রাফের দাম দুই হাজার ইউরো, যা বাংলাদেশি টাকায় দুই লাখ টাকা। কিন্তু কী এমন ফটোগ্রাফ বা ছবি যার জন্য এত মূল্য নিচ্ছেন প্রিয়তি?
এ ব্যাপারে প্রিয়তি জানান, তাঁর ছবি বিক্রির পুরো অর্থই আয়ারল্যান্ডের বন্যা দুর্গতদের ঘর নির্মাণের জন্য দেওয়া হবে।
জানা গেছে, প্রিয়তির ছবিটি প্রকাশ করবে আয়ারল্যান্ডের জনপ্রিয় ম্যাগাজিন ‘অনডাইন’। প্রিয়তির ছবির মূল্য বাবদ এ অর্থও দিচ্ছে ‘অনডাইন’ ম্যাগাজিন। সংগত কারণেই আর কোথাও এ ছবি প্রকাশ করা নিষেধ।
আয়ারল্যান্ড থেকে হোয়াটসঅ্যাপে মডেল প্রিয়তি জানান, শুধু আমি একা নই, বিশ্বের নয়টি দেশের নয়জন টপ মডেল তাঁদের নিজ নিজ দেশের জনপ্রিয় ম্যাগাজিনগুলোর সঙ্গে এই কাজটি করছেন। তাঁদের ছবি বাবদ পাওয়া সব অর্থ ব্যয় করা হবে বন্যাদুর্গত ৩০টি পরিবারের ঘর নির্মাণের কাজে।
প্রসঙ্গত, আয়ারল্যান্ডে এখন ভয়াবহ বন্যা হচ্ছে। আর এই ভয়াবহ বন্যার কারণে দেশটিতে গৃহহীন হয়ে পড়েছে অনেক পরিবার।

