আর অন্যের আয়োজনে মিশ্র অ্যালবামে গান গাইবেন না এমনটাই ঘোষণা দিয়েছেন সময়ের আলোচিত গায়ক বেলাল খান। নিজের কিছু পরিকল্পনার কারণে গান নির্বাচনে আরেকটু সচেতন হতে চান বলে মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন বেলাল খান।
তিনি ২০১৬ সালে নিজেকে নিজের সাজানো পরিকল্পনায় তুলে ধরতে চান জানিয়ে বলেন, ‘অনুরোধে হোক, ভালোবেসে হোক, অনেক মিশ্র অ্যালবামে গেয়েছি। এখন থেকে গান নির্বাচনে আরেকটু সচেতন হতে চাই। দয়া করে বন্ধুত্ব কিংবা ভালোবাসার দাবিতে মিশ্র অ্যালবামে গাওয়ার অনুরোধ করবেন না।’
চলতি বছরে শুধু নিজের পছন্দের প্রিয় গানগুলো আপনাদের উপহার চান উল্লেখ করে লিখেছেন, ‘কাউন্টডাউন শুরু হলো।’
‘পাগল তোর জন্য…’ গান দিয়ে খ্যাতি অর্জন করা বেলাল খান ইতোমধ্যে বেশকিছু শ্রোতাপ্রিয় গান ভক্তদের উপহার দিয়েছেন। ইউটিউবে বেলাল খানের বাজি অ্যালবামের একটি গান ইতোমধ্যে প্রায় ২৩ লাখ ভক্ত শুনেছেন। নেকাব্বরের মহা প্রয়াণ চলচ্চিত্রে বেলাল খানের গাওয়া ‘ইস্টিশন’ গানটি সমালোচকদের নিকট বেলাল খানকে পরিচয় করিয়ে দিয়েছে একজন শীর্ষস্থানীয় প্রতিভাবান গায়ককে হিসেবে।

