কোনো অবস্থাতেই আর বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্দ্যানে সমাবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট সন্তান ও প্রজন্ম কমান্ড আয়োজিত ‘৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস’ উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
কামরুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের মদদ দেয়ার উদ্দেশ্যে বিএনপি মূলত সমাবেশ ডেকেছে। সোহরাওয়ার্দী উদ্দ্যান মূলত মুক্তিযোদ্ধাদের জায়গা। এখানে পাকহানাদার বাহিনী আত্মসমার্পন করেছিল। তাই কোনো অবস্থাতেই আর তাদেরকে সোহরাওয়ার্দী উদ্দ্যানে সমাবেশ করতে দেওয়া হবে না।
মন্ত্রী বলেন, বিএনপি গণতন্ত্রের পথে ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু আমরা বিশ্বাস করি না। এখন পর্যন্ত তারা সন্ত্রাসীদেরই মদদ দিচ্ছে।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভপতি মো: বেলায়েত হোসেন, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মনিরুল হক, ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ, মহাসচিব নাজমুল হাসান পাখি প্রমূখ।

