সর্বশেষ খবর

৮৬ বছর বয়সে কিলিমাঞ্জারো শৃঙ্গজয়

৮৬ বছর বয়সে কিলিমাঞ্জারো শৃঙ্গজয়৷ অদম্য সাহস ও মনের জোরেই এই অসম্ভবকে সম্ভব করেছেন রাশিয়ার অ্যাঞ্জেলা ভোরোবেভা৷ এভাবেই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে ফেলেছেন রাশিয়ার এই প্রবীণা৷ কিলিমাঞ্জারোর শৃঙ্গে পৌঁছে অ্যাঞ্জেলা এতটাই অভিভূত, সহযাত্রীর হাত ধরে নেচেও নিয়েছেন খানিকটা৷ কী ভাবে পারলেন এই কঠিন কাজটা?

অ্যাঞ্জেলার কথায়, ‘খুবই কঠিন কাজ ছিল৷ প্রথমদিন আমরা একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম৷ দ্বিতীয় দিন যেন মনে হল কানের মধ্যে একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে৷ তারপরের দিন কথাই বলতে পারছিলাম না৷ কানে ব্যথা লাগছিল৷ প্রায় এক সন্তাহ ধরে আমাকে ফিসফিস করে কথা বলতে হয়েছে৷ কিছু খেতেও পারিনি৷ শুধু চা আর মধু খেয়ে থেকেছি৷ সকালে যখন যাত্রা শুরু করেছি তখন রোদ ঝলমল আকাশ, তারপরই হয়তো বৃষ্টি৷ ভিজে একসা হয়ে গিয়েছে, কিন্তু হাল ছাড়িনি৷ আমি বিশ্বাস করি, কোনও জিনিস এক বার শুরু করলে শেষ না হওয়া অবধি থামতে নেই৷’

জানালেন, বিয়ের পর বরের সঙ্গে ভালোই ঘুরেছেন, কিন্তু স্বামীর মৃত্যুর পর ১৫ বছর ঘোরাঘুরি পুরো বন্ধ ছিল৷ তারপর মেয়ের সঙ্গে কখনও গিয়েছেন তিউনিসিয়া, কখনও আবার কেপ টাউনে গিয়ে ‘টেবল মাউন্টেনে ‘ উঠেছেন৷ মরিশাসে গিয়ে মেয়ের সঙ্গে এক সন্তাহ কাটিয়েছেন অ্যাঞ্জেলা৷ আর তখন সমুদ্রের ৩৫ মিটার নীচে ডুব দিয়ে প্রবালের সৌন্দর্য্য উপভোগ করতে ভোলেননি৷

সিডনিতে গিয়ে ১৫০০টি সিঁড়ি টপকে উঠেছেন সিডনি হারবার ব্রিজে৷ কখনও আবার মেয়ের হাত ধরে পৌঁছে দিয়েছেন ফিজিতে৷ এক কথায় বয়সকে তোয়াক্কা না করেই পৃথিবী চষে বেরিয়েছেন এই প্রবীণা৷ ঘোরার নেশা এতটাই ছিল, দু’বছর ধরে টাকা জমাতেন তাঁরা৷ তারপর বেরিয়ে পড়তেন অভিযানে৷ তবে, কিলিমাঞ্জারো অভিযান, এই সবের থেকে অনেক কঠিন ছিল৷ অ্যাঞ্জেলার কথায়, ‘লেকে যখন প্রশ্ন করে কী ভাবে এতদূর উঠলাম, আমি তাঁদের বলি, এক বার যখন শুরু করেছি, আমার থামার উপায় ছিল না৷ আমি কোনও রেকর্ড ভাঙার কথা ভেবে আরোহণ শুরু করিনি৷ ইচ্ছের জোরেই এ কাজ করেছি৷ যখন আমার সাফল্য নিয়ে সবাই মাতামাতি করছিল, আমার খুব অবাক লাগছিল৷ আমার ইচ্ছে হয়েছি, আমি পর্বতারোহণ করেছি৷ তাতে লোকের এত মাতামাতি কেন? পরে যখন জানলাম রেকর্ড ভাঙতে পেরেছি, আমার নিজেরও খুব আনন্দ লাগল৷ তবে আমার ইচ্ছেপূরণ হওয়ার আনন্দই সবচেয়ে বেশি৷’

৮৬ বছর বয়সি অ্যাঞ্জেলার মতে, মানুষের ইচ্ছেশক্তিই আসল৷ কারও যদি ইচ্ছে শক্তি ও লক্ষ্যে পৌঁছনোর জেদ থাকে, তবে লক্ষ্য পূরণে কিছুই বাঁধা হতে পারে না৷

সূত্র: এই সময়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর