৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের দুই বছর পূর্তিতে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি ও আওয়ামী লীগ। বিএনপি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আর আওয়ামী লীগ ঢাকার ১৮ স্পটে সমাবেশের সিদ্ধান্ত নেয়। দুই দলই সংবাদ সম্মেলন করে এ বিষয়ে গণমাধ্যমকে জানায়। দুই দলের পক্ষ থেকে সোহরাওয়ার্দীতে (প্রথমে বিএনপি) সমাবেশ করতে চাইলেও ডিএমপির পক্ষ থেকে কারো জন্যই সারা মেলেনি। শেষ পর্যন্ত বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আর আওয়ামী লীগ ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশের ইচ্ছা প্রকাশ করে এবং তাতে প্রাথমিক অনুমতিও মেলে।
কিন্তু ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ঢাকার ১৮টি স্থানে সমাবেশ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এখন দলের পক্ষ থেকে মাত্র ২টি স্পটে সমাবেশ করতে চায় দলটি। স্থানগুলো হচ্ছে- রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ ও ধানমন্ডি-৩২ নম্বর সড়কের রাসেল স্কয়ার।
সোমবার বিকেলে দলটির কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন।
আবদুস সোবহান গোলাপ বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ হিসেব করে দুটি স্থানে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি-কে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেব পালন করতে ৩১ ডিসেম্বর মধ্যে রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ইঙ্গিত দেয় বিএনপি। পরে দলের ভারপ্রাপ্ত মহাসচিব নয়াপল্টনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন।
অপরদিকে ৫ জানুয়ারি-কে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করতে গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ ১৮টি স্থানে কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ। শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত থেকে সরে এসে দলটি ২টি স্পটে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়।

