সর্বশেষ খবর

জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে রাতে বৈঠক করবেন খালেদা

দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন (৫ জানুয়ারি) বিএনপি সমাবেশ কর্মসূচির জন্য এখনও অনুমতি না মেলায় সৃষ্ট অনিশ্চিয়তার মধ্যে দলের জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে ডেকেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার রাত ৯টায় বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি নেত্রীর মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দীতে বিএনপির সমাবেশ করার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে একই স্থানে সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিষয়টির এখনো কোনো সুরাহা না হলেও আইনপ্রয়োগকারী সংস্থা বলছে, সার্বিক দিক বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গত বছর ঠিকই একইভাবে পাল্টাপাল্টি এই সমাবেশকে কেন্দ্র করে সহিংস হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন। এর জেরে বিএনপির টানা তিনমাসের হরতাল-অবরোধে অস্থির সময় পার করে দেশের জনগণ। এতে নিহত হয় শতাধিক মানুষ আর আহত হয় অনেকে।

বিএনপির কর্মসূচির বিপরীতে ক্ষমতাসীনদের পাল্টা কর্মসূচি ঘোষণাকে ‘নোংরা রাজনীতি’ বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির ‘গণতন্ত্র হত্যা’ দিবসের কর্মসূচি বানচাল করতে শাসকদল উদ্দেশ্যপ্রণোদিতভাবে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি সম্ভব না হলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চায় বিএনপি। এ জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছে অনুমতিও চেয়েছে দলটি। ক্ষমতাসীন আওয়ামী লীগও সোহরাওয়ার্দী উদ্যানে না হলে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায়।

এদিকে রাজধানীতে কোনো দলকে সাংঘর্ষিক কোনো কর্মসূচি করার অনুমতি দেওয়া হবে না- জানিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য দুটি দরখাস্তই পাওয়া গেছে। পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ভূত পরিস্থিতি কী হতে পারে, হুমকি বিশ্লেষণ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে চূড়ান্তভাবে দুই দলকে জানিয়ে দেওয়া হবে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর