সর্বশেষ খবর

ভারতের পাকিস্তান সীমান্তবর্তী বিমানঘাঁটিতে হামলা, নিহত ২

ভারতের পাকিস্তান সীমান্তবর্তী পাঠানকোটে অবস্থিত বিমানবাহিনীর বিমান ঘাঁটিতে বন্দুকধারীরা হামলা করেছে। স্থানীয় সময় রাত সাড়ে তিনটায় শুরু হওয়া গোলাগুলি এখনও চলছে। কমপক্ষে ৬ জন জঙ্গি এই হামলা চালিয়েছে যার মধ্যে দুইজন ইতিমধ্যে নিহত হয়েছে। চারজনকে এখনো ধরা যায়নি এবং ঘটনাস্থল থেকে এখনো গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।

জানা গেছে, পাকিস্তানের সঙ্গে পাঞ্জাব সীমান্তের ৫০ কিলোমিটারের মধ্যে অবস্থিত এই বিমানঘাটিতে জঙ্গিরা ভারতীয় বিমানবাহিনীর পোশাক পরিহিত অবস্থায় বিমান বাহিনীর গাড়িতে প্রবেশ করে।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, পুলিশের গুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। হামলাকারীরা সেনাবাহিনীর পোশাকে এসেছিল বলে এই সংবাদপত্রটির খবর। হামলার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।

এই হামলার পরে ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে ডাকা হয়েছে। বিমানঘাঁটির মূল্যবান মিগ ২৯ বিমান ও অন্যান্য হেলিকপ্টারগুলো নিরাপদে আছে বলে জানিয়েছে বিমান বাহিনী। জঙ্গিদের সঙ্গে ৫০ জন এনএসজি কমান্ডো লড়াই করছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই জঙ্গি হামলার নেপথ্যে রয়েছে জইশ এ মোহাম্মদ জঙ্গি গোষ্ঠী। জানা গেছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা আগেই এমন সম্ভাব্য হামলার আশঙ্কায় নিরাপত্তা বৃদ্ধি করেছিল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর