সর্বশেষ খবর

সেরা ১০ ভিআইপি প্রবাসী নির্বাচিত

বাংলাদেশের অর্থনীতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বৈদেশিক মূদ্রা প্রেরণকারী’ ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে (ভিআইপি) ১০জন নির্বাচিত হয়েছেন। তাদের নির্বাচন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোজাফফর আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচিত ভিআইপি প্রবাসীরা গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) হিসেবে দেশে নানা ধরণের সুবিধা পাবেন ও সম্মানিত হবেন বলেও মন্ত্রণালয় সূত্র জানায়।

নির্বাচিত ১০জন প্রবাসী হলেন- আরব আমিরাত প্রবাসী সিলেটের শাহপরানের বাসিন্দা মোহাম্মদ মাহতাবুর রহমান, আরব আমিরাত প্রবাসী ও মাহতাবুরের ভাই মোহাম্মদ অলিউর রহমান, আরব আমিরাত প্রবাসী কুমিল্লার আবুল কালাম, ওমান প্রবাসী চট্টগ্রামের লালদিঘির মোহাম্মদ কামাল পাশা, ইতালি প্রবাসী ঢাকার রামপুরার জাহাঙ্গীর মোহাম্মদ হোসেন, ইতালি প্রবাসী মাদারীপুরের ওহিদ মোল্লা, ওমান প্রবাসী চট্টগ্রামের লালদিঘির মোহাম্মদ শাহজাহান মিয়া, ওমান প্রবাসী চট্টগ্রামের লালদিঘির মোছাম্মত সাজেদা নুর বেগম ও বাহারাইন প্রবাসী চট্টগ্রামের আনোয়ারার বাসিন্দা মোহাম্মদ শফি উদ্দিন।

গুরুত্বপূর্ণ ১০জন এক বছর পর্যন্ত রাষ্ট্রের বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে- প্রদত্ত কার্ডের মেয়াদকালীন বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের সুযোগ, দেশে বিদেশে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অগ্রাধিকার, জাতীয় বিভিন্ন দিবসে বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ, ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার, বিমান বন্দরের ভিআইপ লাউঞ্জ ব্যবহারের সুবিধা, পরিবারের সদস্যসহ নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধাপ্রাপ্তিতে অগ্রাধিকার এবং বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি বিনিয়োগকারীদের সমান সুযোগ-সুবিধা পাবেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর