সর্বশেষ খবর

মেট্রোরেল প্রকল্পে নির্মাণকাজ উদ্বোধন ফেব্রুয়ারিতে

আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় মেট্রোরেল প্রকল্পে নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপির আন্দোলন ভুলের চোরাবালিতে আটকে গেছে। তারা গণতন্ত্র উদ্ধারের নামে গণতন্ত্রকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করেছে। আজকে তাই বিএনপির ৫ জানুয়ারি পালন করা উচিত ‘অনুতাপ দিবস’। সেটাই হবে তাদের জন্য যথার্থ।

শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক উগ্রবাদ রুখতে দেশের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের আজ সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ সাম্প্রদায়িক উগ্রবাদ। এই সাম্প্রদায়িক উগ্রবাদ রুখতে শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রসমাজকে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সংগঠনের নেতাকর্মীদের ৬৮টি লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রাক্তন এই ছাত্রলীগ সভাপতি।

তিনি আরো বলেন, বাংলাদেশ আজ সব সূচকে পাকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে। পাকিস্তান শুধু আমাদের চেয়ে এগিয়ে আছে পরমাণু বোমায়। আমরা পরমাণু বোমা চাই না। ধ্বংসের বোমা চাই না।

ওবায়দুল কাদের বলেন, ‘আজকে যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। তারা বোকা স্বর্গের বাস করছে। বাংলাদেশ কখনো পাকিস্তানের মতো বিপদজ্জনক রাষ্ট্রের তকমা নেবে না। সেই দিন আর আমাদের জীবনে আসবে না।’

বাংলাদেশকে বিশ্বের কাছে উন্নয়ন, সাফল্য ও অর্জনের বিস্ময় উল্লেখ করে তিনি বলেন, বিশ্বব্যাংক আমাদের চোর বানাতে চেয়েছিল। কিন্তু আমরা প্রমাণ করেছি চোরের জাতি না, আমরা বীরের জাতি।

শেখ হাসিনা প্রমাণ করেছে নিজস্ব অর্থায়নে বিশ্বের অন্যতম ‘মেগা প্রজেক্ট’ পদ্মা সেতুর নির্মাণ কাজ এগিয়ে চলছে পুরোদমে।

ওবায়দুল কাদের বলেন, “ছাত্রলীগ যৌবনের ভালবাসা। কৌশরের উচ্ছ্বাস। ছাত্রলীগ আমাদের প্রথম যৌবনের প্রেম। ছাত্রলীগ আমাদের পরিণত বয়সের নস্টালজিয়া। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমাদের রাজনীতির রোল মডেল। শেখ হাসিনা আমাদের উন্নয়নের রোল মডেল। সজীব ওয়াজেদ জয় আমাদের ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট(স্থপতি)”।

পাশপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে সম্প্রতি অবৈধ বিলবোর্ড, ফেস্টুন-ব্যানার অপসারণে ছাত্রলীগের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকেও এই নির্দেশ দেওয়া হয়েছে। তাই আজকে তোমাদের একটি স্লোগান দিতে বলব-‘শেখ হাসিনার নির্দেশ, পরিচ্ছন্ন বাংলাদেশ,’ ‘হঠাও সাম্প্রদায়িক উগ্রবাদ, শেখ হাসিনার নির্দেশ’।

বক্তব্য শেষে বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা উদ্বোধন ঘোষণা করেন তিনি।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো ছিলেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপুমনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম, এস এম কামাল, ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক বাহালুল মজনুন চুন্নু, প্রাক্তন সভাপতি আব্দুল মান্নান, মাঈনুদ্দিন হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবালুর রহিম, প্রাক্তন সভাপতি বাহাদুর বেপারী, লিয়াকত শিকদার, প্রাক্তন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, প্রাক্তন সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সদ্য প্রাক্তন সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, প্রাক্তন সভাপতি সাজ্জাদ সাকিব বাদশা প্রমুখ।

উদ্ধোধনী অনুষ্ঠান শেষে ছাত্রলীগের শোবাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি টিএসসি থেকে শাহবাগ মোড় থেকে শিশুপার্ক হয়ে মৎস্য ভবন মোড় ঘুরে রমনা পার্কের পাশ দিয়ে শেরাটন হোটেলের মোড় হয়ে আবারও শাহবাগ হয়ে টিএসসিতে গিয়ে শেষ হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর