মালয়েশিয়ায় ৭৯ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গতকাল বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে পেরাক অঙ্গরাজ্যের ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে বলে মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে।
প্রকাশিত খবরে জানা যায়, পেরাক অঙ্গরাজ্যের চেমোরের কানথান শিল্প এলাকায় রাত ৭টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে শ্রম বিভাগ (জেটিকে), পুলিশ (পিডিআরএম), জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ) এবং জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন)-এর সদস্যরাও অংশ নেন।
পেরাক ইমিগ্রেশন বিভাগের পরিচালক জেমস লি জানান, প্রথম কারখানা থেকে ৫৬ জন এবং দ্বিতীয় কারখানা থেকে বাকি শ্রমিকদের আটক করা হয়। কর্মঘণ্টার শিফট পরিবর্তনের সময় তাদের আটক করা হয়।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আটক শ্রমিকরা মালয়েশিয়ায় প্রবেশের জন্য ব্যবহৃত ভিজিট পাসের অপব্যবহার করেছেন এবং অনেকে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেছেন।
