মোহাম্মদ জসিম উদ্দিন:
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, বাংলাদেশ একটি উদার সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ঐতিহ্যগতভাবেই এদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ। কিন্তু ধর্মান্ধ নয়। ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই। কোন ধর্মই উগ্রবাদকে সমর্থন করে না।
আজ সোমবার মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীরহাট আল-আমিন কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত বাৎসরিক পবিত্র আজিমুশ্বান ইসলামি জলছা’য় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বিশ^জাকের মঞ্জিলের খাদেম ও ওলামা কাউন্সিলের সমন্বয়ক হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা হোসাইন আহাম্মেদ আতিকি, হযরত মাওলানা ওমর ফারুক বিক্রমপুরী, হযরত মাওলানা মো. ইমান হোসেন প্রমুখ।
অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেন, বাংলাদেশ একটি উদার সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ঐতিহ্যগতভাবেই এদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ। কিন্তু ধর্মান্ধ নয়। ধর্ম বর্ণ ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ এখানকার সমাজ ব্যবস্থায় উগ্র-সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সাম্প্রদায়িক সম্প্রীতির উর্বর ভূমি আমাদের এই বাংলাদেশ। জন্মগতভাবেই এবং সাংবিধানিক কাঠামোগতভাবে বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম গণতান্ত্রিক প্রগতিশীল রাষ্ট্র।
তিনি বলেন, ইসলামে উগ্রবাদ, সন্ত্রাসী ও জঙ্গিদের কোন স্থান নেই। এদের কোন ধর্ম নেই, এদের কোন দেশ নাই, এদের কিছু নাই। জঙ্গি-সন্ত্রাসী হিসেবেই এরা মানুষের কাছে, জাতির কাছে আন্তর্জাতিক পর্যায়ে সব থেকে ঘৃণিত বস্তু।
তিনি বলেন, ইসলাম শান্তিবাদী, উদার, সহিষ্ণু এবং অসাম্প্রদায়িক এক ভারসাম্যপূর্ণ সামগ্রিক জীবনব্যবস্থা। পশুসত্তাকে অবদমিত করে মানবসত্তাকে জাগ্রত করার জন্য ইসলামের নির্দেশ রয়েছে। আল্লাহভীতি, সৎ ও ন্যায় কাজে একে অন্যের সহযোগিতার ফলে সমাজে মানবতা ব্যাপ্তি লাভ করে।
তিনি বলেন, ইসলামে দেশপ্রেম ও দেশাত্মবোধকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দেয়ার কথা বলা হয়েছে। দেশপ্রেম ও জাতীয়তাবোধে বলিষ্ঠ প্রতিটি নাগরিকের উচিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত করার সংগ্রামে আত্মনিয়োগ করা। যারা দেশকে ভালোবাসে, যারা দেশের সীমানা রক্ষার জন্য ত্যাগ স্বীকার করে তাদের সম্পর্কে হযরত মোহাম্মদ রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘এক দিন ও এক রাতের সীমান্ত পাহারা ধারাবাহিকভাবে এক মাসের সিয়াম সাধনা ও সারারাত নফল ইবাদতে কাটানো অপেক্ষা উত্তম’ (মুসলিম)।

