এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, জঙ্গি দমনে জনমত গঠন জরুরি।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জঙ্গি সন্ত্রাস দমনে সামাজিক প্রতিরোধ’ শিরোনামে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, ‘দেশে বর্তমানে দুটি সংকট দেখা দিয়েছে। একটি হল সাম্প্রদায়িকতা আরেকটি জঙ্গিবাদ। জঙ্গিবাদের অর্থ ও অস্ত্র আসে দেশের বাইরে থেকে। এটা সামাজিক জনমত গঠনের মাধ্যমে আমাদের প্রতিরোধ করতে হবে।’
তিনি বলেন, ‘একাত্তরে স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট ছিল ভিন্ন। তখন দেশের মানুষ দলমত নির্বিশষে সবাই এক ছিল। কিন্তু এখন এক নেই। বিভক্তি রয়েছে।’
গোলটেবিল বৈঠকে অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা প্রসারের মাধ্যমে জঙ্গিবাদ দমনের বিষয়ে বিশিষ্টজনরা মতামত দেন। এ প্রসঙ্গে অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, ‘এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। কারণ, এ সম্পর্কে বই লেখা-ছাপানো সময়ের ব্যাপার। এ প্রক্রিয়া তো থাকবেই। তবে সামাজিকভাবে প্রতিরোধের জন্য দ্রুত জনমত গঠনে কাজ করতে হবে।
বৈঠকে সভাপতিত্ব করেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক। এ সময় দেশের বিশিষ্টজনরা ‘জঙ্গি সন্ত্রাস দমনে সামাজিক প্রতিরোধ’ এর ব্যাপারে মতামত তুলে ধরেন। একইসঙ্গে তারা জনমত গঠনে অগ্রণী ভুমিকা পালনের জন্য সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানান। এছাড়া বিশিষ্টজনদের কলামে ও টক শো’তে জঙ্গিবাদের ক্ষতিকর দিকগুলো তুলে ধরার অনুরোধ জানান।

